দ্রুত মামলার সংখ্যা সহনীয় পর্যায়ে আনতে হবে : প্রধান বিচারপতি

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ২০:২২
 
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশের আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন ৩০ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সহনীয় পর্যায়ে আনতে হবে।
 
শনিবার সুপ্রিমকোর্টের অডিটোরিয়ামে জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
প্রধান বিচারপতি বলেন, বিচারধীন মামলাগুলো নিষ্পত্তি করতে না পারলে বিচারকের অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে। তিনি বলেন, আন্তরিকভাবে এই বিষয়টি নিস্পত্তি করতে হবে। তা না হলে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ থেকে বেড়ে একবছর পর ৪২ লাখ ছাড়িয়ে যাবে। যা নিষ্পত্তি করতে সময় লাগবে তিনবছর। এভাবে চললে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা কমে যাবে এবং বিচারকদের মর্যাদাও কমে যাবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। 
 
বিচার প্রার্থীদের হয়রানি লাঘব এবং বিচার বিভাগের ভাবমূর্তি বৃদ্ধিতে জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।