আপিলে রোনালদোর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৮:২৯
 
রিয়াল মাদ্রিদের আপিল করার পর দলের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর থেকে গতকাল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত বুধবার লা লিগা ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ের দিন হলুদ কার্ড পেয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ জন পর্তুগিজ তারকা রোনালদো। যার ফলে এলচের বিপক্ষে আজ মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছিল রিয়ালের হয়ে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করা এই তারকা স্ট্রাইকারের। আপিলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় ম্যাচটিতে ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোর খেলার ক্ষেত্রে কোনো বাধা রইলো না। 
 
তারকা এই শিষ্যকে হলুদ কার্ড দেখানোর কোনো যৌক্তিকতাই দেখছিলেন না রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি। খেলা শেষেই প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘রোনালদোকে কারণ ছাড়াই হলুদ কার্ড দেখিয়েছে রেফারি।’
 
ভায়োকানোর সীমানায় খেলার ৫১ মিনিটে ফাউলের শিকার হন রোনালদো। ফাউলের শিকার হয়েও ডাইভ দেয়ার অপরাধে রোনালদোকেই হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। লীগের নিয়মানুযায়ী কোন খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হন। সেই মোতাবেক নিষেধাজ্ঞার কবলে পড়েন রোনালদো।—এএফপি, রিয়াল ওয়েবসাইট