তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে ও দালাইলামার প্রতি সমর্থনে এক সন্ন্যাসিনী নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার গ্রুপ ও বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।
ব্রিটিশ ভিত্তিক ফ্রি তিব্বত গ্রুপ এবং মার্কিন অর্থায়িত রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানায়, ইয়েশি খান্দো নামের ওই সন্ন্যাসিনী বুধবার বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার মতো করে কার্দজে মঠের চারদিকে চক্কর দেন এবং গঞ্জি কাউন্টি পুলিশ স্টেশনের কাছে নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দেন।
আরএফএ’র খবরে বলা হয়, ৪৭ বছর বয়সী ওই সন্ন্যাসিনী দালাইলামাকে ফিরে আসার আহবান জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তিনি তিব্বতের স্বাধীনতারও আহবান জানান।
ফ্রি তিব্বত জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তার লাশ সরিয়ে নেয়। পুলিশ বৃহস্পতিবার তার পরিবারের সদস্যদের ডেকে পাঠায়।
উল্লেখ্য, তিব্বতে ব্যর্থ বিদ্রোহ শেষে ১৯৫৯ সাল থেকে নোবেল জয়ী দালাইলামা ভারতে বসবাস করছেন।
