তাবিথ ও আফরোজা আব্বাসের দিনভর প্রচারণা

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৯:২৭
 
শনিবার দিনভর প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস। তারা জাতীয়তাবাদী শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। 
 
সকাল সোয়া ১০টায় রাজধানীর কড়াইল বিটিসিএল মাঠের পাশে আনসার ক্যাম্পের সামনে প্রচারণা শুরু করেন তাবিথ। বিকালে মীরপুর ১১ নম্বরে প্রচারণা চালান। 
 
কড়াইল বস্তি এলাকায় প্রচারণা শুরুর আগে তাবিথ আউয়াল সংক্ষিপ্ত এক পথসভায় বলেন, প্রার্থী হিসেবে আমি তরুণ। রাজধানীর মানুষ তরুণ নেতৃত্ব চায়। প্রচারণায় আমি মানুষের সমর্থন পাচ্ছি। আশা করি জনগণ ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। এরপর স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কড়াইল বস্তি এলাকায় জনসংযোগে নেমে পড়েন তিনি। প্রচারণার সময় বিএনপির কোনো সিনিয়র নেতাকে তার সাথে দেখা যায়নি। 
এর আগে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে হযরত আম্বর শাহের মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ। ‘বাস’ প্রতীক পাওয়া তাবিথ আউয়াল, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। বাবার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনিই বিএনপির সমর্থন পেয়েছেন।
IMG0
সকালে রাজধানীর বিজয়নগর হাবিব কমিউনিটি সেন্টার থেকে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।এ সময়  তার সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে  সেগুনবাগিচা স্কুলের সামনে এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং তাদের নেতা-কর্মীদের হয়রানি করছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন আফরোজা আব্বাস। জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কমিশনকে সব ধরনের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।