যানজটে স্থবির রাজধানী। সড়কে যেন গাড়ি এগুতে চায় না। নগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুর থেকে যাত্রাবাড়ীর দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। আবার মোহাম্মদপুর বা ধানমন্ডি থেকে ফার্মগেট হয়ে উত্তরায় যেতে আরো বেশি সময় লেঘেছে। ভ্যাপসা গরমে যানজটে নগরবাসীর জনজীবন শনিবার নাকালে পরিণত হয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যে মানিক মিয়া এভিনিয়ে গণ সংবর্ধনা ছিল আজ। একারণে সকাল থেকেই মানিকমিয়া এভিনিউয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশের ট্রাফিক বিভাগ। মানিক মিয়া এভিনিউ রাজধানীর পূর্ব ও পশ্চিম এলাকার মধ্যে চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে সারাদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে অন্য সড়কগুলোতে। শ্যামলী শিশু মেলা ক্রসিং হয়ে আগারগাঁও অথবা সাইন্স ল্যাবরেটরি মোড় হয়ে যানবাহনগুলো চলাচল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে যানজটে আটকে থাকতে হয়েছে।
বিকাল ৪ টার পর রাজধানী যানজটে স্থবির হয়ে পড়ে। রাস্তায় গাড়ির চাকা যেন ঘোরে না। মতিঝিল থেকে হাইকোর্ট মোড় হয়ে শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয়সরনী, মহাখালী, বনানী কাকলি ক্রসিং, জোয়ারসাহারা, খিলক্ষেত দীর্ঘ ১৪ কিলোমিটার রাস্তার দুই পাশের গাড়ি যেন এগুতে চায় না।
অন্যদিকে, শাহবাগ থেকে নিউমার্কেট, কলাবাগান, রাসেল স্কোয়ার, আসাদ গেট, কলেজ রোড, শ্যামলী, কল্যাণপুর হয়ে মিরপুর-১ নম্বর গোল চক্কর হয়ে মিরপুর-১০ নম্বর সেকশন পর্যন্ত একই অবস্থা। পুরান ঢাকার অবস্থা আরো ভয়াবহ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যারা প্রাইভেট কার নিয়ে রাস্তা বের হয়েছেন তারা বাধ্য হয়ে হেঁটে তাদের গন্তব্যে গিয়েছেন। আবার অনেকে টিকিট কেটে বাসে উঠেছেন বাসায় যেতে, তারাও বাধ্য হয়ে হেঁটে বাসায় ফিরেছেন।
মতিঝিল থেকে মিরপুর, মতিঝিল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী যেতে আড়াই ঘন্টা থেকে ৩ ঘন্টা সময় লেগেছে। আবার গুলিস্থান থেকে কাকরাইল মোড় হয়ে মগবাজার দিয়ে গুলশান-১ বা গুলশান-২ এ যেতে কমপক্ষে ৪ ঘণ্টা সময় লেগেছে। যারা উত্তরা বা টঙ্গী, সাভার, গাজীপুর অথবা মতিঝিল থেকে নারায়ণগঞ্জ, কাঁচপুর অথবা কেরাণীগঞ্জ গিয়েছেন তাদের গড়ে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লেগেছে।
মিরপুরে রোকেয়া সরণিতে আগারগাঁও থেকে কাজীপাড়া পর্যন্ত অন্য দিনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করে। তালতলা, শেওড়াপাড়া ও কাজীপাড়া বাসস্ট্যান্ডে অনিয়মতান্ত্রিকভাবে বাস থামা ও যাত্রী ওঠানামা করায় পুরো সড়কে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগে থাকে।
ধানমন্ডির মিরপুর রোড, নিউমার্কেট, এ্যালিফেন্ট রোড, বেইলি রোড, হাতিরপুল, পান্থপথ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ এলাকায়ও একই পরিস্থিতি ছিল।
