নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় কমিশনারের কাছে তারা আসন্ন সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান। পুলিশ কমিশনারও বিএনপি প্রতিনিধি দলকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
শনিবার দুপুরে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে যান দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতাদের মধ্যে মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন।
দেড় ঘণ্টা বৈঠকের পর বের হয়ে মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদ ও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে মহানগর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছি।’ তিনি বলেন, ‘‘মহানগর পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন, একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি সালাহ উদ্দিন আহমেদের বিষয়টি তদন্ত করছে। অচিরেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তখন পরিস্কার হওয়া যাবে আসলে কি ঘটেছে ওইদিন।’’
প্রসঙ্গত, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হাসিনা আহমেদ গত ৭ এপ্রিল ও ১৯ মার্চ দুই দফায় স্মারকলিপি দেন। উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি।
