জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১২:৩৪
 
একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী জামায়াতের সহকারি সেক্রেটারি এম কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল শনিবার রাতে ফাঁসি কার্যকর হওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এ সন্তোষ প্রকাশ করে বলেছেন, আলবদর নেতা ও একাত্তরের গণহত্যাকারী কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার মাধ্যমে বাঙালি জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। সব যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মাধ্যমে পুরো জাতি কলঙ্কমুক্ত হবে, এটাই জাতির প্রত্যাশা। অপরাধ করলে যে তাকে শাস্তি পেতেই হবে তা এ রায় কার্যকরের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতিশ চন্দ্র রায় জানান, এ রায় কার্যকরের মাধ্যমে জাতি দ্বিতীয়বারের মতো কলঙ্কমুক্ত হলো। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং কেউ-ই যে আইনের ঊর্ধ্বে নয় তা আবারও প্রমাণিত হয়েছে। বাকি সব যুদ্ধাপরাধীর বিচার এবং রায় কার্যকরের মাধ্যমে আওয়ামী লীগ অবশ্যই তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে।
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, আওয়ামী লীগের প্রধান নির্বাচনী অঙ্গীকারই ছিল যুদ্ধাপরাধীদের বিচার। আর এ অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই পরপর দু’বার দেশবাসী বিশেষ করে দেশের নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি পালনেই একাত্তরের ঘৃণিত যুদ্ধাপরাধী, গণহত্যাকারী ও মা-বোনের সম্ভ্রমরহরণকারীদের বিচার করছে। শত ষড়যন্ত্র-চক্রান্ত ও রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম জানান, কুখ্যাত যুদ্ধাপরাধী ও একাত্তরের ঘাতক কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি আবারও কলঙ্কমুক্ত হলো। এ রায় কার্যকরের ফলে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিরা যতই ষড়যন্ত্র-চক্রান্ত করুক, সব যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের মাধ্যমে বর্তমান সরকার বাঙালি জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে পুরোপুরি মুক্ত করবে ইনশাআল্লাহ।