ইরাকে অ্যাসিরীয় সভ্যতার প্রাচীন নগরী নিমরুদ ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে প্রকাশিত কয়েকটি আলোকচিত্রে দেখা গেছে, আইএস জঙ্গিরা নিমরুদ ধ্বংস করছে। নিমরুদ ইরাকের অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদ ছিল।
IMG0
ভিডিওতে দেখা গেছে, প্রাচীন এই শহরটি প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় এবং পরে বিস্ফোরক দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।
ভিডিওতে দেখা যায়, পাথরের গায়ে খোদাই করা অমূল্য শিল্পকর্মগুলো আইএস সদস্যরা ভারি যন্ত্র দিয়ে কেটে ফেলছে। এরপর সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাটি মাটিতে মিশিয়ে দেয়া হয়।
ইরাকের অনেক প্রত্নতাত্তি্বক নিদর্শন বিদেশি জাদুঘরে রয়েছে। কিন্তু প্রাণীর শরীরের ওপর মানুষের মাথা বিশিষ্ট বিশালাকৃতির ‘লামাসু’র মূর্তিগুলো নিমরুদেই ছিল।
IMG1
খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দে ইরাকের মসুলের ১৮ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলে নিমরুদ শহরটি গড়ে উঠেছিল। ২০১৪ সালের জুনে মসুল দখল করে আইএস। ইরাকের যে অঞ্চলটি জঙ্গিরা দখল করে নিয়েছে সেখানে দেশটির তালিকাভুক্ত ১২০০০ প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে ১৮০০ স্থান রয়েছে।
আইএস ইতোমধ্যে মসুলের লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে। লাইব্রেরিটিতে ৮ হাজার প্রাচীন অমূল্য পাণ্ডুলিপি ছিল।
