চলতি শিক্ষাবর্ষ থেকে উত্তর কোরিয়ার স্কুল পাঠ্যক্রমে আরও একটি নয়া বিষয় জুড়েছে। যার পুরোটা জুড়েই থাকছে ‘বিস্ময়বালক’ উনের মাহাত্ম্য। কীভাবে মাত্র তিন বছর বয়সে দক্ষ চালক হয়ে উঠেছিলেন তিনি, ন’বছরে নৌ-প্রতিযোগিতা জিতেছিলেন—এ সবেরই আখ্যান থাকবে সেই অবশ্যপাঠ্য বিষয়ে। দক্ষিণ কোরিয়ার একটি চ্যানেল শুক্রবার এ দাবি করেছে।
দক্ষিণ কোরিয়ার চ্যানেলটির দাবি, এই নয়া কৌশলের পিছনে একটাই উদ্দেশ্য উনের। তা হল, ভবিষ্যত্ প্রজন্মের মধ্যে প্রশ্নহীন আনুগত্য তৈরি করা।
শিক্ষক-শিক্ষিকারা তো বটেই, পড়ুয়ারাও যাতে ছেলেবেলা থেকে উত্তর কোরিয়ার এই প্রশাসকের ব্যাপারে অনুগত থাকেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
বিষয়টি নিয়ে প্রত্যাশিতভাবেই কোনও প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া। ফলে দক্ষিণ কোরিয়ার ওই চ্যানেলের দাবির সত্যতা যাচাই করার সম্ভাবনাও নেই।
সমালোচকেরা অবশ্য বলছেন, উত্তর কোরিয়ার বাসিন্দাদের একটা বড় অংশ যে উনের প্রতি অনুগত নন, এই পদক্ষেপ তারই প্রমাণ। সেই আনুগত্য তৈরি করতেই এবার স্কুলেও নিজের মাহাত্ম্য প্রচারের বন্দোবস্ত করতে হচ্ছে উনকে। —আনন্দবাজার পত্রিকা
