সিনেমার দৈত্য হিসাবে সারাবিশ্বে বিখ্যাত গডজিলা এবার জাপানে নতুনভাবে পরিচিতি লাভ করছে। জাপানের শিনজুকু জেলার পর্যটন দূত করা হয়েছে গডজিলাকে। শিনজুকু জেলার মেয়র কেনিচি ইয়োশিজুমি জেলার পর্যটন দূত হিসাবে গডজিলার নাম ঘোষণা করেছেন। নবনির্মিত শিনজুকু শপিং এবং বিনোদন কমপ্লেক্সের ছাদে বসানো হয়েছে ৪০ ফুট লম্বা দৈত্যাকার গডজিলার ভাস্কর্য। ১৯৫৪ সালে প্রথম সিনেমায় গডজিলার উচ্চতা অনুযায়ী এই ভাস্কর্যের উচ্চতা ঠিক করা হয়েছে। এই বিনোদন কমপ্লেক্সটি গডজিলার স্বত্বাধিকারী ‘তোহো’র প্রতিষ্ঠান। আগামী ১৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে থিয়েটার কমপ্লেক্সটি। ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পর্যটন দূত হিসাবে গডজিলার নাম ঘোষণা করেন মেয়র। তোহো’র সিনেমা বিভাগের প্রধান মিনামি ইচিকাওয়া বলেন, এতোদিন সিনেমার পর্দায় সবাই গডজিলাকে ভয়ঙ্কররূপে দেখেছেন। তবে এখন থেকে শিনজুকু ও কাবুকিচো জেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে গডজিলা।-ইউপিআই
