‘বিএনপি-জামায়াত জঙ্গি হিসেবে পরিচিতি লাভ করেছে’

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৮:১৪
 
 
 
 
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গত তিন মাস ধরে আন্দোলনের নামে নারী, শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াত। আন্দোলনের নামে সাধারণ মানুষকে এভাবে হত্যা করা অতীতে কেউ কোনোদিন দেখেনি। এর মাধ্যমে তারা জঙ্গিদল হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।’ রবিবার দুপুরে স্থানীয় ভাসানী হলে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলনের পুড়িয়ে মানুষ হত্যা করে খালেদা জিয়া কী পেলেন? এ সব জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে খালেদা জিয়া দেশে-বিদেশে সমর্থন হারিয়েছেন। বিএনপি-জামায়াত যে কাজ করেছে, তার কোনো ক্ষমা নেই। জনগণ সিটি নির্বাচনে ভোট দিয়ে এর বিচার করবে।’
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘কেউ চিন্তা করেনি যে ’৭১ সালের ঘাতকদের বিচার হবে। অথচ তাদের বিচার কার্যকর হচ্ছে।’
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাস করে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সাথে কোন সংলাপ হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ লেবুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনু। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার ও মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগর খান দাউদ প্রমুখ।