ইয়েমেন সীমান্তে হামলায় ৩ সৌদি সেনা নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৮:০২
 
সৌদি আরব সংলগ্ন ইয়েমেন সীমান্তে হুতি বিদ্রোহীদের ছোড়া গোলায় তিন সৌদি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলায় আরো দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন।
 
ইয়েমেনের সীমান্ত সংলগ্ন সৌদি আরবের নাজরান প্রদেশে গত শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। এসময় সৌদি সেনারা বন্দুকের গুলি ছুড়ে হামলার জবাব দেয়।
 
এর আগে এই মাসের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে তিন জন সৌদি সীমান্তরক্ষী নিহত হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, গত মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৫০০ বিদ্রোহী নিহত হয়েছেন।  সূত্র: আল জাজিরা