মরিশাসে অনুষ্ঠিত আফ্রিকা ও এশিয়া মহাদেশের ৩০টি দেশের পল্লী উন্নয়ন ও গবেষণা কর্মে নিবেদিত আফ্রো-এশীয় পল্লী উন্নয়ন সংস্থার (এএআরডিও) ৬৫ ও ৬৬তম নির্বাহী কমিটি’র (ইসি) সভায় বাংলাদেশ বিপুল ভোটে পাকিস্তানকে হারিয়ে আগামী তিন বছরের জন্য ইসি সদস্য নির্বাচিত হয়েছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল সম্প্রতি অনুষ্ঠিত ওই ১৮ তম সাধারণ অধিবেশনে যোগ দেন।
দলটির নেতা মসিউর রহমান জানান, বর্তমান সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্লী জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরা হয়েছে। এসব প্রকল্পে এএআরডিওভুক্ত দেশগুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে।
প্রতিনিধি দলের সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার জানান, সম্মেলনে সংস্থার অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা ও বগুড়া কর্তৃক দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কর্মে লব্ধ অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এতে করে সদস্য দেশসমূহ উপকৃত হবে।
উল্লেখ্য, উক্ত অধিবেশনে আগামী তিন বছরের জন্য একজন চেয়ারম্যান, দুইজন ভাইস-চেয়ারম্যান ও দশজন সদস্য নির্বাচিত হয়।
