মোবাইলে শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি: রমনা থানায় জিডি

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ২০:০৪
 
 
 
 
মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৮১৭।
শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধচন্দ্র ঢালী  বলেন, ‘দুই-তিন দিন আগে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীকে এ হুমকি দেয়া হয়। কে বা কারা এ হুমকি দিয়েছে, তা জানা যায়নি।
সুবোধচন্দ্র ঢালী বলেন, ‘মোবাইল ফোনের মেসেজে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেয়ার আভিযোগ করা হয় ওই এসএমএসে।’
শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘রাজধানীর একটি হাসপাতালে চোখের ছানি অপারেশনের পর বর্তমানে শিক্ষামন্ত্রী বাসায় অবস্থান করছেন।’