মালালার নামে গ্রহাণু

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ২০:০২
 
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের নামে একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে। ওই গ্রহাণুটি সৌরজগতের মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝে অবস্থিত। গ্রহাণুটি চার কিলোমিটার চওড়া এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সাড়ে পাঁচ বছর সময় লাগে।
 
গ্রহাণুটির আবিষ্কারক নাসার জ্যোতির্বিজ্ঞানী ড. এমি নাইমজার জানিয়েছেন, শান্তিতে নোবেল বিজয়ী মালালার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এর এমন নামকরণ করেছেন। পাঁচ বছর আগে প্রথম তিনি এই গ্রহাণুটিকে সূর্য প্রদক্ষিণ করতে দেখেন। তিনি বলেন, 'আমি মালালার সাহসিকতার গল্প পড়েছি। তার কথা জানার পর মনে হয়েছে, নামকরণের জন্য মালালা নামই সবচেয়ে উপযুক্ত।'  
 
নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের এই কিশোরী মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এ কাজের জন্য পাকিস্তানের তালেবান জঙ্গিরা ২০১২ সালে তাকে গুলি করেছিল। সূত্র: রয়টার্স