গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।
শেরেবাংলা নগর থানায় গত ১৮ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানোর এক মামলায় ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ডে পাঠায় ঢাকার হাকিম আদালত।
এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করলে হাইকোর্ট রিমান্ড স্থগিত করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিজভীর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
