আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজ। বুধবার থেকে পাকিস্তান সিরিজের টিকেট বিক্রি শুরু হবে। টিকেট বিক্রির স্বত্ব কিনে নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ইউসিবির ব্রাঞ্চ থেকে ইউক্যাশ ও নগদ অর্থের বিনিময়ে দর্শকরা টিকেট ক্রয় করতে পারবেন।
টিকেট পাওয়া যাবে ইউসিবির মিরপুর রোড ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চ, বিজয় নগর ব্রাঞ্চ ও বসুন্ধরা ব্রাঞ্চে। আর খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচের টিকেট পাওয়া যাবে ইউসিবির খুলনা ব্রাঞ্চ ও খানজাহান আলী ব্রাঞ্চে।
গতকাল রবিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, শুধু পাকিস্তান সিরিজই নয় এবছর বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের টিকেট বিক্রির স্বত্ব কিনে নিয়েছে ইউসিবি।
পাকিস্তান সিরিজে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের টিকেটের সর্বোচ্চ মূল্য তিন হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য একশত টাকা; সঙ্গে ভ্যাট প্রযোজ্য। আর টেস্ট ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য একহাজার ও সর্ব নিম্ন মূল্য বিশ টাকা, সঙ্গে ভ্যাট প্রযোজ্য।
