আমরাই ফেবারিট: মাহমুদউল্লাহ

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ২২:৩৩
 
দারুণ সাফল্য নিয়ে ফিরেছেন বিশ্বকাপ থেকে। মাহমুদউল্লাহর দিকে এখন তাই পুরো বাংলাদেশেরই নজর। এই অবস্থায় নগরীর একটি হোটেলে একটি নতুন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও সাংবাদিকদের সাথে কথা বলতে হলো ক্রিকেট নিয়ে।
মাহমুদউল্লাহর সেই ক্রিকেট কথোপকথন—
 
পাকিস্তান সিরিজে আপনাদের লক্ষ্যটা কী?
আমাদের টিম গোল যদি বলি, অবশ্যই সিরিজ জেতা। প্রথম যেহেতু ওয়ানডে সিরিজ। আমাদের টার্গেট ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয়া। ভালো একটি প্রস্তুতি হচ্ছে। বিসিএলে আমরা অংশ নিলাম। আজকে থেকে আমাদের ক্যাম্প শুরু হল। যদিও বিসিএলের ফাইনালে থাকায় অনেক খেলোয়াড় আজ যোগ দিতে পারেনি। কালকে থেকে আমরা সবাই প্র্যাকটিসে থাকবো। আশাকরি আমরা যে ধারাবাহিকতায় আছি, সেটা রক্ষা করব। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে আমরা কি করেতে পারি। ওটা যদি ধরে রাখতে পারি, তাহলে পাকিস্তান সিরিজে পজিটিভ রেজাল্ট পাব।
 
বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন, পাকিস্তান সিরিজে ব্যক্তি রিয়াদের লক্ষ্যটা কি থাকবে?
আমি মনে করি ভালো খেলা এখন আমার দায়িত্ব। এই সিরিজে বিশ্বকাপ আমাকে দারুণভাবে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমার মনে হয় ধারাবাহিকতা একটা বড় অংশ। যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা ধরে রাখা কষ্টকর। এজন্য আরো পরিশ্রম করতে হবে। এজন্য আমি প্রস্তুত। আশাকরি ধারাবাহিকভাবে আমি ভালো করব। আর আমি কখনো গোলসেট করিনা। ম্যাচ বাই ম্যাচ লক্ষ্য নির্ধারণ করি। এবারও এমনটাই থাকবে এবং ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য থাকবে।
 
বর্তমান পাকিস্তান দলকে অনেকে দুর্বল মনে করছেন?
পাকিস্তান ভালো দল। তাদের প্রতি সমীহ রেখেই বলছি। তবে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, সিরিজে আমরা জয়ী হবে। মূল কথা হচ্ছে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে এই সিরিজে অনেক কিছু করাই সম্ভব।
 
বিশ্বকাপের কারণেই আপনার ওপর এক ধরণের প্রত্যাশার চাপ থাকবে...
আসলে তেমন কোনো লক্ষ্য আমার নেই। আমি শুধু চিন্তা করছি ভালো ক্রিকেট খেলব। আমি আগেই বলেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এটা এখন আমার দায়িত্ব। এখন উপরের দিকে ব্যাটিং করছি। এটা অনেক বড় সুযোগ। এটা ধরে রাখার দায়িত্ব আমারই। এই সিরিজে ভালো ক্রিকেট খেলা এবং যদি সুযোগ পাই বড় ইনিংস অবশ্যই খেলব। আর বিশ্বকাপে দুই সেঞ্চুরির স্মৃতি আমার কাছে সব সময়ই স্পেশাল থাকবে। সেটা এখন অতীত। সামনে পাকিস্তান সিরিজ। এখন সেটাই আমার ভাবনায়।
 
পাকিস্তান দলে তিনজন বা’হাতি সিমার আছেন? নেটে আজ আবু হায়দার রনিকে দিয়ে বোলিং করানো হল। বা’হাতি সিমার নিয়ে আপনারা কোনো প্রস্তুতি নিচ্ছেন কি না?
নেটে আমাদের বেশ কিছু বা’হাতি সিমার আছে। তারা ভালো কোয়ালিটি বোলার। পেস ভালো। এটা আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ওদের সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে। তারা কোন লেন্থে বল করবে, কিভাবে তাদের অ্যাটাকটা হবে সেই সম্পর্কে আমাদের জানা আছে। আজকে আমরা গ্রানাইটেও প্র্যাকটিস করেছি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছি। এখন মাঠে তা প্রমাণ করতে হবে।
 
রনি তালুকদার এসেছে নতুন। ওকে কেমন মনে হচ্ছে?
রনি ভালো একজন তরুণ খেলোয়াড়। ঘরোয়া লিগে সে প্রচুর রান করেছে। আমার মনে হয় পাকিস্তানী বোলারদের ও ভালোভাবে হ্যান্ডল করতে পারবে। তার জন্য শুভকামনা রইল।
 
পাকিস্তান শক্তিশালী দল। সাকিব এবং রুবেল দু’জন বলেছেন সিরিজে আমরা ফেবারিট। আত্মবিশ্বাসের এই রসদটা পেলেন কোথা থেকে?
আসলে আমাদের পারফরম্যান্সই কনফিডেন্স বাড়িয়েছে। বিশ্বকাপে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এটাই আমাদের আত্মবিশ্বাস যোগাবে। তাই তাদের সঙ্গে আমিও একমত সিরিজে আমরাই ফেবারিট। আমরা ফেবারিট হিসেবেই নামব। হোম কন্ডিশনে আমরা যে কোনো দলকে হারানো ক্ষমতা রাখি। শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে যে কোনো কিছুই সম্ভব হবে।