মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তির দাবিতে পানির নীচে প্রতিবাদ করেছেন তার সমর্থকরা। গত মাসে নাশিদের ১৩ বছরের কারাদণ্ড হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২০০৯ সালে জলবায়ু সম্পর্কে বিশ্ববাসীর নজর কাড়তে পানির নীচে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
নাশিদের প্রায় একশ’ সমর্থক হলুদ টি-শার্ট গায়ে দিয়ে দশ ফুট পানির নীচে যান। সাদা কাপড়ের ব্যানারে লেখা ছিল, ফ্রি মাই প্রেসিডেন্ট নাশিদ (আমার প্রেসিডেন্ট নাশিদকে মুক্তি দাও)। দেশটির রাজধানী মালের উপকূলের পানিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
ফাহুদ নামের একজন জানান, আমরা জনগণকে জানাতে চেয়েছি যে আমরা এই স্বৈরশাসকের বিরুদ্ধে। আমরা নাশিদের সঙ্গে আছি। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণেই নাশিদকে জেল দেয়া হয়েছে। নাশিদ তার আমলে এক বিচারককে অবৈধভাবে জেল দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। -এনডিটিভি
