টানা দ্বিতীয় ম্যাচে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১১:১৩
 
আইপিএলে রোববারের শেষ ম্যাচে হরভজন সিংয়ের তাণ্ডবের পরও হার এড়াতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ রানে কিংস ইলেভেন পাঞ্জাব এর কাছে হেরে গেছে দলটি।
 
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জর্জ বেইলির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৭৭ রান করে পাঞ্জাব। 
 
সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত থাকেন বেইলি। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ ৩৬ ও মুরালি বিজয় ৩৫ রান করেন। এই দুই জনের ৬০ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অতিথিরা। 
 
মুম্বাইয়ের হরভজন ও লাসিথ মালিঙ্গা দুটি করে উইকেট নেন।
 
জবাবে ৭ উইকেটে ১৫৯ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
 
২৫ রানে চার উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৫৯ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়া মুম্বাইয়ের আশা জাগিয়েছিলেন হরভজন ও জগদিশ সুচিত। তবে ১০০ রানের জুটি গড়েও দলের হার এড়াতে পারেননি তারা।
 
শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে হরভজন। ৩৪ রানে অপরাজিত থাকেন সুচিত।
 
পাঞ্জাবের মিচেল জনসন, আকসার প্যাটেল ও অনুরিত সিং দুটি করে উইকেট নেন। তবে তাদের প্রথম জয়ে দারুণ অবদান রাখেন ৪ ওভারে মাত্র ১২ রানে এক উইকেট নেয়া সন্দিপ শর্মা।