এবার প্রতিশোধ নিতে চান কার্লো আনচেলোত্তি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১২:০২
 
অ্যাতলেটিকোর বিপক্ষে জিততেই ভুলে গেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে অ্যাতলেটিকোর বিপক্ষে ছয় ম্যাচে মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি রিয়াল। তাই বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে জিতে প্রতিশোধ নিতে চান রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।
 
চলতি মৌসুমে ছয়বার মুখোমুখি হয়েছে রিয়াল ও অ্যাতলেটিকো। এর মধ্যে চারটি ম্যাচ জিতেছে অ্যাতলেটিকো। আর দুইটি ম্যাচ ড্র হয়েছে। তাই অ্যাতলেটিকোর বিপক্ষে জয়ের দেখা পেতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল।
 
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই অ্যাতলেটিকোর বিপক্ষে জয়ের স্বাদ পেতে চান রিয়াল কোচ আনচেলোত্তি। তিনি বলেছেন, এবারের মৌসুমে অ্যাতলেটিকোর বিপক্ষে ভালো খেলতে পারিনি আমরা। চার ম্যাচ হেরেছি। তবে সপ্তম দেখায় জয়ের স্বাদ পেতে চাই। প্রতিশোধ নেয়ার ভালো সুযোগ আমাদের।
 
‘প্রতিশোধ নেয়ার ভালো সুযোগ’- কেন? তাও ব্যাখা দিয়েছেন আনচেলোত্তি, স্প্যানিশ লিগে এইবারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে দল। তাই আত্মবিশ্বাসটা তুঙ্গে আমাদের। এটা জানি এটি সম্পূর্ণ আলাদা খেলা। কিন্তু অ্যাতলেটিকোর বিপক্ষে জয় পেতে মুখিয়ে আছে দলের ছেলেরা।
 
চলতি মৌসুমের সপ্তম মাদ্রিদ ডার্বিটা অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকোর মাঠে। তাই ছয় ম্যাচ পর অ্যাথলেটিকোর বিপক্ষে জয় পেতে সেরা খেলাটাই খেলতে হবে রিয়ালকে। অ্যাতলেটিকোর বিপক্ষে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ৪-১ গোলে জিতেছিলো রিয়াল।-বাসস।