অস্ট্রেলিয়ার হবার্ট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফলে সোমবার সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে এক বার্তায় জিহাদি গ্রুপটিকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। খবর: এএফপির।
পুলিশ ধারণা করছে, হ্যাকাররা কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহারকারী তাসমানিয়ার হবার্ট আন্তর্জাতিক বিমানবন্দরকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। তারা বিমানবন্দরে হামলা কিংবা সরাসরি কোন হুমকি দেয়নি।
তাসমানিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হ্যাকাররা ঐ ওয়েবসাইটে দেয়া এক বার্তায় আইএসআইএসকে সহযোগিতার কথা বলেছে।
কর্তৃপক্ষ বলছে, ২০১৪ সালের শেষ দিক থেকে আইএস সারাবিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে একই ধরণের বার্তা প্রকাশ করে আসছে।
কর্মকর্তারা জানান, রোববার সকাল থেকে ওয়েবসাইটটি ব্যবহার করতে না পারায় সোমবার এটি বন্ধ করে দেয়া হয়।
