রাজশাহীতে শিবির কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৬:৪১
 
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের কর্মী শহীদুল ইসলামের (২৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর বড় বনগ্রাম বাইপাস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শহীদুল নগরীর ভাড়ালিপাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
 
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের পরিবার থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। ময়না তদন্ত শেষে বিকেলে শহীদুলের লাশ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরো জানান, শহীদুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
 
এদিকে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক রায়হানুল পারভেজের নামে রবিবার স্থানীয় সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিবির কর্মী শহীদুলকে আটকের পর পুলিশ পরিকল্পিতভাবে গুলি করে হত্যা  করেছে। এর আগে শনিবার রাত ২টার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ শহীদুল ইসলামকে আটক করে নিয়ে যায়। রবিবার মধ্যরাত পর্যন্ত শহীদুলের স্বজনরা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করেও তার সন্ধান পাননি। প্রথম থেকেই তাকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল পুলিশ।
 
তবে মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম জানান, পুলিশ শহীদুলকে আটক করেনি। বাইপাস থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় হিসেবে তার লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা মর্গে গিয়ে তার পরিচয় নিশ্চিত  করেন।