সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে উষ্ণ তাপমাত্রা ও দমকা হাওয়ার প্রভাবে সৃষ্ট দাবানলে ১৫ জনের মৃত্যু ও ৪৬০ জনের বেশি লোক আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের এক নারী মুখপাত্র জানান, রবিবার সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের খাকাসিয়া অঞ্চলে দাবানলে মোট ৪৬৮ আহত হয়েছে এবং ৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নারী মুখপাত্র ইরিনা এমেলিয়ানোভা জানান, হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় একজন নিখোঁজ।
তিনি বলেন, রবিবার তাপমাত্রা বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল এবং তখন ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ো হাওয়া ও তাপমাত্রা মিলে এই দাবানলের সৃষ্টি হয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের এই মুখপাত্র বলেন, এর আগে আমরা এ ধরনের ঘটনা দেখিনি। দাবানলে ৩০টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে এই অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। দাবানলে অন্তত ৭০০ গবাদিপশু ও প্রায় ৩ হাজার ভেড়া মারা গেছে। ভয়াবহ এই দাবানলে দশ বর্গকিলোমিটার জায়গা পুড়ে গেছে।
২০১০ সালের দাবানলে অন্তত ৬০ জনের প্রাণহানি ও ৩ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়।-এএফপি
