দিনভর তাবিথ ও আফরোজা আব্বাসের গণসংযোগ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৯:১০
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী মিসেস আফরোজা আব্বাস সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন।
 
তাবিথ আউয়াল মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে সোমবার গণসংযোগ শুরু করেন। মাজার জিয়ারত শেষে পাশেই কাচাঁবাজার এলাকা গণসংযোগ করেন। এরপর বিকেল পর্যন্ত তিনি ঢাকা উত্তর আট নম্বর ওয়ার্ড, মিরপুর ১০ ও কাফরুল এলাকায় সর্বস্তরের মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। বাঙালির বৈশাখী উত্সব উপলক্ষে তিনি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বৈশাখী আয়োজন পরিদর্শন করেন।  
 
গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, ‘নতুন প্রজন্ম-নতুন ঢাকা’ নগরবাসীর এই প্রত্যাশা পূরণ করতে আমরা ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর চ্যালেঞ্জ নিয়েছি। তিনি বলেন, ঐতিহ্যবাহী ঢাকা শহরকে সিগ্ধ, কর্মচাঞ্চলা, আধুনিক, রূপসি বাংলার মডেল বা আরশি নগর হিসাবে গড়ে তোলার স্বপ্ন আমি দেখেছি।
 
তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে বর্জ্য ব্যবস্থপনা, পানি-বিদ্যুত্-জ্বালানি, অবকাঠামো, নগর পরিবেশ, জননিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন অগ্রাধিকার পাবে। নির্বাচন কশিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রার্থী ও কর্মী-সমর্থকরা যাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে সে ব্যাপারে লেবেল পে­য়িং ফিল্ড তৈরি করার জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না।
 
মিসেস আফরোজা আব্বাস সকাল ১০টায় মহনগরী দক্ষিণের ফকিরাপুল কাঁচাবাজার থেকে লিফলেট বিতরণের মধ্যদিয়ে গণসংযোগ শুরু করেন।
 
গণসংযোগ ও নির্বাচনী প্রচারনাকালে মিসেস আফরোজা আব্বাসের সাথে ছিলেন- সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রফিক সিকদার, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
 
মিসেস আফরোজা আব্বাস বলেন, আমরা ভেবেছিলাম নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সরকারের আচরণ ততই লিভারেল হবে, সহনশীল হবে। কিন্তু ফলাফল হচ্ছে তার বিপরীত।
 
তিনি বলেন, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সরকার অলিখিত বৈষম্য সৃষ্টি করে রেখেছে। সরকারী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণার চালিয়ে যাচ্ছে, আর আমাদের উপর প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
 
অভিযোগ করে তিনি আরো বলেন,  আমাদের গণসংযোগ ও প্রচারণার সাথে যারা সংশ্লিষ্ট তাদের হয়রানি করা হচ্ছে। গ্রেফতার ও নির্যাতনের জন্য তাদের বাড়ীতে গিয়ে তল্লাসী করা হচ্ছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ড পরিস্থিতি নয়। এটা এক তরফা নির্বাচনের পরিকল্পিত ষড়যন্ত্র।