বিশৃঙ্খলায় ছাড় দেয়া হবে না: সিইসি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৯:১০
 
সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো রকম ছাড় দেয়া হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ‘ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনভাবেই ভোটকেন্দ্রে বেআইনি কাজ করতে দেয়া হবে না। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলায় ছাড় দেয়া হবে না।’
 
সোমবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, ‘পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং নির্বাচনের ফলাফল মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। সকল প্রার্থীকে ভোটারদের রায় মেনে নেয়ার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে।’
 
নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি বন্ধে প্রার্থীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘কমিশন চায় এই অপসংস্কৃতি বন্ধ হোক। এ জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে লক্ষ্যেই এবার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে।’
 
ইতোমধ্যে নির্বাচনী আইন ভঙ্গের দয়ে প্রার্থীদের ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইন-শৃংঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি বলেছেন, ‘প্রার্থীরা যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে যেন হয়রানি করা না হয়।’
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে