হংকং ভ্রমণে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ২০:৪৫
 
হংকংয়ে বাড়তে থাকা চীনবিরোধী মনোভাব কমিয়ে আনতে হংকংয়ে প্রবেশে শেনঝেনের অধিবাসীদের মাল্টিপল ভিসা প্রদান বন্ধ করতে যাচ্ছে চীন সরকার। খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সোমবার নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে।
 
চীনা বিশেষ করে শেনঝেনের অধিবাসীরা মাল্টিপল ভিসা নিয়ে ভ্রমণ ও কেনাকাটা করতে হংকংয়ে যান। খুব স্বল্প করের সুবিধা নিয়েই তারা এ অঞ্চল সফর করতে পারেন। আর এ নিয়েই হংকংয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়ার পর তা নিরসনে এই উদ্যোগ নিচ্ছে বেইজিং।
 
চীনের শেনঝেনের বাসিন্দারা সপ্তাহে একবার হলেও হংকংয়ে যায় এবং এক সপ্তাহের বেশি সেখানে অবস্থান করে। গত এক বছরেই ৪ কোটি ৭০ লাখ চীনা নাগরিক হংকং সফর করেছেন বলে সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
 
কোন ধরনের বিক্রয় কর ছাড়াই এসব পর্যটকরা বিভিন্ন গৃহস্থলীর জিনিসপত্র কিনে থাকে, যা বৈধ নয়। দুই অঞ্চলের তথাকথিত বাণিজ্যিক ভারসাম্য নিয়ে সম্প্রতি হংকংয়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। প্রায়ই সেখানকার স্থানীয় ও চীনাদের মধ্যে শপিং মলগুলোতে ধস্তাধস্তির মত ঘটনা ঘটছে। সূত্র: বিবিসি