‘দেশবাসী অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ২০:৫০
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলা নববর্ষ উপলক্ষে সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট।’
 
তিনি বলেন, ‘পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তারা তাদের নববর্ষ উদযাপন করে থাকেন। তেমনি আমাদের কাছে পহেলা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ উত্সব এবং বহুকাল ধরেই নতুন নতুন আঙ্গিকে, বর্ণ, বৈচিত্রে ও রুপে পহেলা বৈশাখ আমাদের জীবনে ফিরে আসে। পহেলা বৈশাখ বাঙলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার। আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃ-গোষ্ঠী ভেদে লালন করে থাকি।’
 
তিনি বলেন, ‘তবুও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, এ প্রত্যাশা করি। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়। সমাজ থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার ও  অশান্তি। নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহ’র কাছে কায়মনোবাক্যে সকলের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।’