গাড়ি পোড়ানোর দুইটি মামলায় বুধবার পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে বাসায় অবস্থান করার সুযোগ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ সংক্রান্ত জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। বুধবার জামিন আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করে আদালত।
এ পর্যায়ে মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করার বিষয়ে আদালতের কাছে আদেশ প্রার্থনা করেন। এর বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, এ ধরনের নির্দেশনা দেয়া ঠিক হবে না।
আদালত বলেন, এ ধরনের পরিস্থিতিতে তো আমরা গ্রেফতার না করার জন্য আদেশ দিয়ে থাকি। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত গ্রেফতার না করার বিষয়ে নির্দেশনা দিলে আবেদনকারী নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
এ পর্যায়ে আদালত বলেন, আবেদনের ওপর আদেশ না দেয়া পর্যন্ত মির্জা আব্বাস কোন ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং গণমাধ্যমে বক্তব্য দিতে পারবেন না। তিনি বাসায় যেতে পারবেন এবং বাসা থেকে আদেশের দিন আদালতে আসবেন।
দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর খন্দকার মাহবুব শুনানি করতে চাইলে হাইকোর্ট বলে, এ ধরনের মামলার শুনানি গ্রহণ করি না। কারণ এ ধরনের মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ রয়েছে। আপনারা সেখানে যান। এরপর পুনরায় শুনানির জন্য আবেদন জানালে আদালত বলেন, আমরা এটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেব।
