বর্ষবরণ দেখতে থাই মন্ত্রী ঢাকায়

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৫:১৬
বাঙালির বর্ষবরণ দেখতে ঢাকায় এসেছেন এক থাইমন্ত্রী। থাইল্যান্ডের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বিরা বজপজচারানাত আট সদস্যের থাই সরকারের প্রতিনিধি দল নিয়ে সোমবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেন। সংস্কৃতি সচিব রনজিত্ কুমার বিশ্বাসসহ সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান।
 
থাই অতিথিরা আজ ভোর সাড়ে ছয়টায় রাজধানীর রমনা বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠানমালায় যোগ দেবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তাদের স্বাগত জানাবেন।    দুই মন্ত্রী চারুকলা ইনস্টিটিউটে জমকালো মঙ্গল শোভাযাত্রা উপভোগ করবেন। থাই মন্ত্রী দুপুরে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যাবেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ জানাবেন। দুপুরে দুই মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও থাইল্যান্ডের সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মধ্যাহ্ন ভোজে দ্বিপাক্ষিক  আলোচনা করবেন। আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। থাই মন্ত্রী বিকালে কমলাপুরে ধর্মরাজিক বুদ্ধিষ্ট সংঘ পরিদর্শন ও সংঘনায়ক মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানাবেন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
 
সফররত থাই সংস্কৃতি মন্ত্রী বিরা বজপজচারানাত থাই মন্ত্রী সভার একজন সিনিয়র সদস্য। তিনি নিজে একজন প্রত্মতাত্ত্বিক বিশেষজ্ঞ। সারা জীবন প্রাচীন ভাস্কর্য ও পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে নিজেকে নিবেদিত রেখেছেন।
 
বর্ষবরণ দেখবেন বিদেশি সাংবাদিকরাও
 

আজকের বর্ষবণের অনুষ্ঠানমালা সফররত ১১ জন বিদেশি সাংবাদিকও যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, ভারত, থাইল্যান্ড, মিসর ও নেদারল্যান্ডস-এর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অনুবিভাগের ভিজিট বাংলাদেশ কর্মসূচির আওতায় এসব সাংবাদিক সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি ও বৈদেশিক নীতি সম্পর্কে অবহিত হচ্ছেন। বিভিন্ন দর্শনীয় স্থান তারা সফর করছেন।