এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ২১:০২
 
সিলেট এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত হয়ে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের ফলে নির্ধারিত সময়ের আগেই বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
 
 মঞ্চের দখল ও নাম ঘোষণা নিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলাছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও এমসি কলেজ ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ছাত্রলীগ কর্মী কয়সর ও সবুজ। এছাড়া আইয়ূব নামের আরেক যুবক আহত হয়েছেন।
 
সকাল থেকে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এমসি কলেজ ক্যামপাস। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দেয়ার সময় পরিচয় পর্ব থেকে বাদ যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু।
 
এতে নিপু ও তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নিপু গ্রুপের আকাশ ও ডায়মন্ডের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
 
তখন ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন  ক্যামপাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন।  নারী ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করেন।
 
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশের একটি দল কলেজ ক্যামপাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে টিলাগড়ে ছাত্রলীগের উভয় গ্রুপ মুখোমুখি রয়েছে বলে জানা গেছে। শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন সংঘর্ষে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে জানিয়ে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত ।