সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়া হয়, এমন দেশগুলোর তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার কংগ্রেসে এই কথা জানিয়েছেন তিনি। খবর: বিবিসির।
ওবামা এমন সময়ে এই সিদ্ধান্তের কথা জানালেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে।
গত সপ্তাহে রাউল কাস্ত্রোর সাথে মিস্টার ওবামার এক মুখোমুখি বৈঠকের রেশ কাটতে না কাটতেই এই সিদ্ধান্ত এলো। কাস্ত্রোর সাথে প্রেসিডেন্ট ওবামার এই বৈঠক ছিল অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম দুই দেশের কোনও শীর্ষ নেতার বৈঠক।
সন্ত্রাসী তালিকা থেকে কিউবাকে বাদ দেয়ার সিদ্ধান্তের ফলে হাভানা ও ওয়াশিংটনে আবার দুই দেশের দূতাবাস খোলার পথ প্রশস্ত হবে।
ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্ক সহজ করার এটা সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কিউবানরা। তবে প্রেসিডেন্ট ওবামার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কিউবান বংশোদ্ভূত মার্কিন সিনেটর মার্কো রুবিও।
আগামী বছরের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট হবার জন্য এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন রুবিও। তার মতে, আমেরিকার চোখে যারা অপরাধী তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় কিউবা।
৩০ বছর আগে কিউবাকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদতকারী দেশ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই তালিকায় আরো রয়েছে ইরান, সুদান এবং সিরিয়া।
