বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আদলতে হাজির করার আবেদনের ওপর সোমবার রায় ঘোষণার জন্য পুনরায় দিন ধার্য করেছে হাইকোর্ট। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা না করে এ দিন ধার্য করে দেন।
গত ১০ মার্চ সালাহউদ্দিন আহমেদকে উত্তরার একটি বাড়ি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর অনুসন্ধান চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারায় হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন।
ওই আবেদনের ওপর হাইকোর্ট রুল জারি করে। রুলে সালাহউদ্দিনকে কেন খুঁজে বের করা এবং কেন তাকে আদালতে হাজির করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলের জবাবে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আদালতে হলফনামা দাখিল করে বলা হয়, তারা সালাহউদ্দিন আহমেদকে আটক করেনি।
এই রুলের ওপর শুনানি গ্রহণ করে বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিলো। কিন্তু হাসিনা আহমেদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলায় আমরা কিছু তথ্য-প্রমাণ পেয়েছি। এসব তথ্য প্রমাণ আদালতে উপস্থাপনের জন্য সময় প্রয়োজন। আদালত শুনানি গ্রহণ করে সোমবার রায়ের জন্য দিন ধার্য করে দেয়।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।
