তারেকের বিরুদ্ধে রেড অ্যালার্ট অপকৌশল: বিএনপি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৬:৩৮
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টকে ‘অপকৌশল’ ও ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, এর আগে সরকারের কিছু মন্ত্রী ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে বক্তব্য দিয়েছেন। এই রেড অ্যালার্ট তারই বহিঃপ্রকাশ। এটি সরকারের আরেকটি নাটক।
 
তিনি বলেন, ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে না। তারা সদস্যদেশের দেয়া তথ্য প্রকাশ করে। বাংলাদেশ থেকে যে তথ্য পাঠানো হয়েছে, ইন্টারপোল তা প্রকাশ করেছে মাত্র।
 
রিপন বলেন, তারেক রহমান চিকিত্সার জন্য লন্ডনে আছেন। তিনি পলাতক নন। তিনি এমন দেশে আছেন, যে দেশ আইনের শাসনে বিশ্বাসী। মানুষের অধিকারের প্রতি সচেতন। এ সময় তিনি ঢাকা ও চট্টগ্রামে সুষ্ঠু সিটি নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।