ইরানের পরমাণু কার্যক্রম বিল: ওবামা-কংগ্রেস সমঝোতা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৬:৫৪
 
 
 
 
ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেস। দেশটির বিষয়ে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে যে দ্বিপক্ষীয় বিল পাস করা হয়, তাতে এবার সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কমিটিতে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করা হয়। তখন সেই বিলের বিরোধিতা করেন ওবামা। কিন্তু ইরানের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর বিলটির বিষয়ে একমত হয়েছেন তিনি। ভবিষ্যতে দেশটির সাথে যেকোনো চুক্তিকে কংগ্রেস প্রত্যাখান করতে পারবে—এমন অধিকার দেয়া হয়েছে এই বিলে। এ দিকে, বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত উভয় কক্ষেই পাস করা হবে বলে জানা গেছে।  এই মাসে দীর্ঘ আলোচনার পর ইরানের ভবিষ্যত্ পরমাণু কার্যক্রম নিয়ে একটি খসড়া চুক্তি করা হয়েছে। আসছে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে দেশটির ওপর থেকে অবরোধ তুলে নিবে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো।