ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী. বি. চৌধুরী বুধবার দুপুরে মিরপুরের কালসি মোড়ে রাস্তা ঝাড়ু দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। খবর: বাসসের।
এর আগে তিনি সেখানে আয়োজিত এক পথসভায় বলেন, জনগণ যদি তাকে মেয়র নির্বাচিত করেন তা হলে তার প্রধান এজেন্ডা হবে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।
মাহী বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। কোথাও কোনো ভবন ধসে পড়লে যাতে প্রাণহানি না ঘটে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আমাদের মূল স্লোগান হলো ‘এবার পরিচ্ছন্ন হবে শহর, পরিচ্ছন্ন হবে রাজনীতি’।
পরে তিনি পূরবী সিনেমা হল মোড়, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, রোকেয়াস্মরণী, কাজীপাড়া ও বিআরটিএ সড়কে গণসংযোগ করেন।
