সোনারগাঁওয়ে শুরু হয়েছে ঐতিহ্য ‘বৌ মেলা’

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৭:০৯
 
 
সোনারগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন সিদ্ধেশ্বরী বটতলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিদ্ধেশ্বরী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিদ্ধেশ্বরী বটতলায় হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ এ পূজায় অংশগ্রহণ করেন।
 
পূজা অনুষ্ঠানে মৌসুমী ফল-ফলাদির ঝুঁড়ি নিয়ে পূজা অর্চনা করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন নববধূ থেকে শুরু করে বয়স্ক নারী-পুরষরাও। তাদের সঙ্গে নতুন কাপড় পরিধান করে দুই হাত উচিয়ে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন কুমারী মেয়েরাও। সবার দৃষ্টি কেবলই বটবৃক্ষের দিকে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে দুপুর হওয়ার আগেই মানুষের পদচারনায় চারপাশ মুখরিত হয়ে ওঠে। এ উপলক্ষে সিদ্ধেশ্বরী বটতলায় সপ্তাহব্যাপী একটি মেলা বসেছে যার নাম ‘বৌ মেলা’। প্রায় পাঁচ শত বছরের ঐতিহ্য এ পূজায় সাধারণত বধূ ও কনেরা বেশী অংশগ্রহণ করে থাকেন। তাই এ মেলা ‘বৌ মেলা’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। সব মিলিয়ে বর্ষবরণ উত্সব যেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক মিলন মেলায় পরিণত হয়েছে।
 
অপর দিকে, লোকজ পণ্যের সমাহার ও বাউল সঙ্গীতের সুরে প্রাণবন্ত হয়ে উঠেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণ। লোকজ পণ্য হাতের পাখা, বাঁশ শিল্প, শোলার পণ্য, বাঁশী, নানা ধরনের পুতুল, কাঠের কারুকার্যময় পণ্য, অলংকার আরো কতকিছু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব পণ্য মানুষের কাছে খুবই সমাদৃত। সোনারগাঁওয়ে চৈত্র সংক্রান্তি থেকে ২ বৈশাখ পর্যন্ত তিন দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উত্সবের আজ শেষ দিন। শিল্পাচার্য জয়নুল আবেদীনের সৃষ্ট ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন’ তিন দিন ব্যাপী মেলার বর্ষবরণ উত্সবের আয়োজক।