কোন মুখে ভোট বিপ্লবের কথা বলেন: খালেদা জিয়াকে হানিফ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ২০:০৫
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপি নেত্রীর উদ্দেশে বলেছেন, ভোটাধিকারের কথা বলে উনি গত তিন মাসে এতগুলো মানুষ পুড়িয়ে হত্যা করেছেন! আজকে আবার কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? ভোটাধিকার প্রতিষ্ঠার নামে জনগণের গায়ে আগুন দিয়ে আবার ভোট বিপ্লবের জন্য খালেদা জিয়ার জনগণের দ্বারস্থ হওয়াকে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেন তিনি।
 
বুধবার বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীন বরণ-২০১৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রমুখ।