ওহাব রিয়াজকে ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন সাব্বির রহমান রুম্মন। দু পাশে দু হাত মেলে দিয়ে জানান দিতে চাইলেন নিজের আনন্দটা। সাব্বিরের এই সেঞ্চুরি আন্তর্জাতিক মর্যাদা না পেলেও এর গুরুত্ব অপরিসীম। তার করা ৯৯ বলের ১২৩ রানের সুবাদে পাকিস্তানের বিপক্ষে এক উইকেটের জয় পায় বিসিবি একাদশ।
শুধু যে সেঞ্চুরিটা দলের জন্য তাত্পর্যপূর্ণ, তা নয়; পাকিস্তানের বিপক্ষে করা এই শতরানের ইনিংস নিজের ক্রিকেট জীবনের সেরাপ্রাপ্তি বলে বলছেন রুম্মন, ‘এটা আমার ক্যারিয়ারের বড় অর্জন। এটা আর্ন্তজাতিক ম্যাচ নয় তাতে কি হয়েছে! পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির করা সত্যিই দারুণ কিছু। শতরানের ইনিংসটাকে পরিবারের প্রতি উত্সর্গ করেছেন জানিয়ে সাব্বির রহমান রুম্মন বলেন, ‘এই ইনিংসটা আমি আমরা পরিবারের প্রতি উত্সর্গ করলাম।’
সাব্বিরের বাবা মোস্তাফিজুর রহমান ব্রেইন স্ট্রোক করেছেন। রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়া বাবার চিকিত্সার জন্য তাকেই দেখভাল করতে হয়েছে। যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া বিসিবি’র সংবর্ধনায়ও থাকতে পারেননি। বাবার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তিনি সুস্থ আছেন। গত পরশুদিন আমি বাবাকে মেডিকেল থেকে বাসায় রেখে ঢাকায় ফিরেছি।’
সাব্বির রহমান এমনিতে লোয়াড় অর্ডারে ব্যাট করে থাকেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে চারে ব্যাট করেছেন। ব্যাটিং অর্ডারে প্রমোশন প্রসঙ্গে সাব্বির বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট আমাকে উপরে ব্যাটিং করতে বলেছে, তাই চারে ব্যাট করতে এলাম। জাতীয় দলের হয়ে যেখানে নামানো হোক না কেন! আমি সব জায়গাতেই খেলার জন্য প্রস্তুত।’
পাকিস্তানের বিপক্ষে ৯৯ বলে সাত চার ও আট ছক্কায় ১২৩ রানের ইনিংস সাজান সাব্বির রহমান। নিজের দানবীয় ইনিংস প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানি বোলাররা অনেক ভালো বোলিং করেছে। তবে আমিও ভালো ব্যাটিং করেছি। শুরু থেকেই চেষ্ঠা করেছি দ্রুত রান তোলার জন্য সেটা করতে পেরেছি।’
