আর বিতর্ক চান না হাতুরুসিংহে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ২১:২৬
 
বিশ্বকাপ থেকে যে সাফল্য বাংলাদেশ নিয়ে এসেছে, কোচ চন্ডিকা হাতুরুসিংহের তাতে বড়ই আদরে থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের সঙ্গে জড়িয়ে পড়েছেন বিতণ্ডায়। আচরণবিধি ভেঙে সংবাদ মাধ্যমে দল নির্বাচন নিয়ে মন্তব্য করে চিঠিও পেয়েছেন।
 
তবে এবার এই বিতর্ক ছেড়ে সামনে এগোতে চাচ্ছেন কোচ। গতকাল পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে কথা বলতে এসে শ্রীলঙ্কান এই কোচ পরিষ্কার বলে দিলেন, এইসব আলোচনা তিনি আর এগিয়ে নিয়ে যেতে চান না। এখানেই সমাপ্তির আহ্বান জানিয়ে বললেন, ‘এটা আসলে খুবই স্পর্শকাতর একটা বিষয়। এ নিয়ে আমি বেশী কথা বলতে পারি না। এটা খুব দুর্ভাগ্যজনক যে, দল ভালো করছে, তারপরও দল কী করছে তার থেকে ইস্যুটা দূরে চলে যাচ্ছে। আমার মনে হয়, এখন সময় হয়েছে, আমাদের দল ভালো করছে, এটা নিয়ে ভাবার। অন্যান্য বিষয়ে কথা বলা ও মন দেওয়ার চেয়ে এটাই এখন জরুরী।’
 
কোচ বলছেন, এসব আলোচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা। তাই তাদের প্রতি সুবিচার করতে হলেও এইসব আলোচনা বন্ধ হওয়া উচিত, ‘আমি আসলে অফিসের ভেতরের আলোচনা প্রকাশ্যে করতে চাই না। আমাদের এখন দল ভালো করছে, এটা নিয়ে থাকা উচিত। এসব অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলে আমার মনে হয় না, খেলোয়াড়দের প্রতি আমরা সুবিচার করছি।’