নির্বাচনে সেনা চায় জাপা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ২২:১৭
 
 
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।  বুধবার রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
 
এতে ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে জাপা সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। তিলোত্তমা ঢাকা গড়তে ১৮টি অঙ্গীকার করেছেন তিনি। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন ঢাকা দক্ষিণে জাপা সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন।
 
নির্বাচনের দিন সেনা মোতায়েনের দাবি জানিয়ে ‘চরকা’ প্রতীক পাওয়া বাহাউদ্দিন বাবুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা যে ভোটকেন্দ্রে যাব এবং বাসায় ফিরে আসব-এই জায়গাটুকুতে নিরাপত্তা দরকার।’
 
তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে রাজধানীবাসীর ট্যাক্স বাড়ানো হবে না। নতুন খাত সৃষ্টি করে আয় বাড়ানো হবে। ‘যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই’- স্লোগান নিয়ে নির্বাচন করছেন তিনি।
বাবুলের অঙ্গীকারের মধ্যে রয়েছে ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুত্ ও পানি সরবরাহ নিশ্চিত করা, ঢাকাকে মশা-মাছিমুক্ত করা, সড়কদ্বীপে বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ে তোলা, ফুটপাত চলাচলের উপযোগী করা, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া, তুরাগ নদ দখলমুক্ত করা ও জনপরিবহন-ব্যবস্থা উন্নত করা। অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।