বর্ষবরণ উত্সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েকজন নারীর শ্লীলতাহানি ও যৌনহয়রানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ করা হয়েছে। একই সাথে তদন্তের দাবি করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার বর্ষবরণ উত্সবে আগত কয়েকজন নারীর শ্লীলতাহানি ও যৌন হয়রানির মত ন্যক্কারজনক ঘটনা ঘটায় ৩০-৩৫ জনের দুষ্কৃতকারীরা। এ ঘটনাস্থলের কাছেই পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তারা যথাযথ পদক্ষেপ নিতে খুবই গড়িমসিভাব দেখায়, যা পরিস্থিতিকে আরো নাজুক করে ফেলে। এমন অবস্থায় ছাত্র ইউনিয়নের কর্মীরা নিজেরা এই বর্বরতা ঠেকাতে এগিয়ে আসলে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ সংগঠনের বেশ কয়েকজন কর্মী দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়। তিনি বলেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে প্রশাসনের নির্লিপ্ততা লক্ষ্য করেছি। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসিমুখী গেটে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। একই সাথে পুলিশ প্রশাসনের যে নির্লিপ্ততারও সুষ্ঠু তদন্তের দাবি করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, সহ-সভাপতি মারুফ বিল্লাহ তম্ময় এবং আল-আমিন, তুহিন কান্তি দাশ। এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট ও ছাত্র ইউনিয়ন।
