পিএসজিকে হারিয়ে সেমির পথে বার্সা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৬:০৮
 
পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে বার্সেলোনা। মঙ্গলবার ন্যু ক্যাম্পের কোয়ার্টার-ফাইনালের ফিরতি ম্যাচে জয় লাভ করতে পারলে সেমি নিশ্চিত হবে লুইস এনরিকের দলের।
 
প্যারিসে বুধবার রাতে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ১৪তম মিনিটে দারুণ এক গোলের সুযোগ আসে বার্সার। দিয়েছিলেন ডি-বক্সের প্রান্তে দাঁড়ানো মেসিকে দারুণ এক পাস দিয়েছিলেন লুইস সুয়ারেস। কিন্তু তার বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও লাগে গোলপোস্টে।
 
১৮তম মিনিটে আরেকটি আক্রমণে গোলের দেখা পায় বার্সেলোনা। ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে মেসি বল দেন নেইমারকে। আর বল পেয়ে গোলরক্ষকে ফাঁকি দিতে সমস্যা হয়নি তার।
 
৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ৭৯তম মিনিটে আরো একটি গোল করেন তিনি।
 
তিন মিনিট পর ব্যবধান কমায় পিএসজি। ডি বক্সের বাইরে থেকে ফন ডার ভিলের শট বার্সার ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর পায়ে লেগে জালে ঢুকে যায়। শেষ পর্যন্ত আর কোন দল গোল না পেলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।