বাংলাদেশস্থ স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ক্যাকন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুত্ ও জ্বালানি, টেলিকমিউনিকেশন, আইসিটি এবং জাহাজ তৈরি খাতে স্পেনকে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, ‘তার দেশের কোম্পানিগুলো বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুত্ ও জ্বালানিসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী। এ ছাড়া, বাংলাদেশে বিনিয়োগকারী স্পেনের কোম্পানিগুলোও তাদের ব্যবসা সম্প্রসারণ করবে।’
তেজাদা ক্যাকন ব্যবসা ও বাণিজ্যের পাশাপাশি দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক জোরদারেও গুরুত্বারোপ করেন।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার কার্যকালে বাংলাদেশে সুন্দর সময় অতিবাহিত করেছি।’
সাক্ষাত্কালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
