হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৮:০৮
 
এবছর হজ যাত্রীদের নিয়ে ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ আগস্ট। বাংলাদেশ থেকে এই বিশেষ হজ ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন  সচিবালয়ে হজ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সাংবাদিকদের এ কথা জানান।
 
মন্ত্রী আরো জানান বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার  সাত শ' ৫৮ জন হজ্জে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন সরকারি ব্যবস্থাপনায় ও  ৯১ হাজার সাত শ' ৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যাবেন।
 
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ করতে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। আর সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হওয়ার কথা রয়েছে।
 
গত ৮ ডিসেম্বর মন্ত্রীসভায় হজ প্যাকেজের অনুমতি দেয়ার পর থেকেই হজের টাকা জমা নেয়া শুরু হয়। সৌদি আরবে এবছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের সমস্ত কাজ করার কারণে আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হয়। মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, হজে যেতে সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করানো হয়েছে।
 
মন্ত্রী জানান, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হজযাত্রী পরিবহন করবে। দুই এয়ারলাইন্সই সমান সংখ্যক যাত্রী পরিবহন করবে। হজ যাত্রীদের যাওয়া এবং আসার টিকেট একসঙ্গে কিনতে হবে।