শিক্ষাখাতে সাফল্যের প্রশংসা করল ইউনেস্কো

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৮:১৪
 
 
ইউনেস্কো’র মহাপরিচালক ইরিনা বোকোভা শিক্ষাখাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেছেন, সবার জন্য শিক্ষা (ইএফএ) লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকা দেশগুলো বাংলাদেশের সাফল্য লাভের দৃষ্টান্ত কাজে লাগাতে পারে।
 
প্যারিসে ১৪ এপ্রিল ইউনেস্কো নির্বাহী বোর্ডের ১৯৬ তম সভায় বৈকালিক অধিবেশনে ইউনেস্কো নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর এক প্রশ্নের জবাবে ইউনেস্কোর (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা) মহাপরিচালক একথা বলেন। 
 
বৃহস্পতিবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
 
বোকোভা বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও অঙ্গীকারের কারণে ২০১৫ সালের মধ্যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ শিক্ষাখাতে সার্বিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
 
ইউনেস্কো মহাপরিচালক ২০১৫ সালের মধ্যে এমডিজি ও ইএফএ লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, লক্ষ্য অর্জনে অনেক দেশ বাংলাদেশের অর্জন থেকে পিছিয়ে আছে।
ইউনেস্কো নির্বাহী বোর্ডের চলতি অধিবেশন শুরু হয় ১৩ এপ্রিল। এ অধিবেশন ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। 
 
ইউনেস্কো নির্বাহী বোর্ডের এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ড. কামাল চৌধুরী। 
 
বাংলাদেশ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন সেক্রেটারি ফর ইউনেস্কো মনজুর হোসেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হযরত আলী খান ও ফাস্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরী।