এলজিইডির ৫ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৯:৫৪
 
 
 
 
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) পাঁচ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ দুদকের কার্যালয়ে সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তার অফিসকক্ষে এলজিইডি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান—সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন—এলজিইডি সদর দফতরের সহকারী প্রকৌশলী এ এফ এসকে নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মহসীন, প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মোহাম্মদ রেজাউল করিম এবং উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান। প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
একই অভিযোগে আরো ১০ প্রকৌশলীকে এরই মধ্যে নোটিস করা হয়েছে। আগামী ১৯ ও ২০ এপ্রিল তাদের দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতে হবে। ১৯ এপ্রিল যাদের তলব করা হয়েছে, তারা হলেন— তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোল্লা আজিজুল হক, উপসহকারী প্রকৌশলী (পিইডিপি-৩) মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, কিবিট সোবাস্তি গোমেজ ও সহকারী প্রকৌশলী ফিরোজা করিম নেলী। আগামী ২০ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়েছে—  এলজিইডির কার্যসহকারী শিউলী আক্তার, মাহমুদা আক্তার নিশা, মরিয়ম সাদিয়া সিঁথি, আমিনুল ইসলাম ও উচ্চমান সহকারী আব্দুল মজিদকে।