ডুবে যাওয়া ফেরি তোলার প্রতিশ্রুতি দ.কোরীয় প্রেসিডেন্টের

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ২০:০৫
 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই গত বছর ডুবে যাওয়া ফেরি তুলে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তি পালনকালে তিনি এই প্রতিশ্রুতি দিলেন।
 
গত বছর ১৬ এপ্রিল মর্মান্তিক ওই ফেরি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩০৪ জনের প্রাণহানি ঘটে যাদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী। 
 
ফেরিডুবির ঘটনার এক বছর পূর্তিতে দুর্ঘটনায় মারা যাওয়া লোকদের আত্মীয়-স্বজনের দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এ প্রতিশ্রুতি দেন।

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জিন্দোয় এক সংক্ষিপ্ত সফরকালে প্রেসিডেন্ট বলেন, ‘যত দ্রুত সম্ভব জাহাজটি উদ্ধারে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

 
সরকার ইতিপূর্বে ফেরিটি তোলার কোন অঙ্গীকার না করায় এই ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ ছিলেন। 
 
এই দুর্ঘটনার জন্য অবৈধভাবে জাহাজটির আকার পরিবর্তন, অতিরিক্ত যাত্রী তোলা ছাড়াও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি জড়িত। নিরাপত্তার অভাব ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতাও এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

IMG0
 
দিবসটি উপলক্ষে নগর জুড়ে পতাকাগুলো অর্ধনমিত রাখা হয় এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে হদুল রঙের ফিতা ঝোলানো হয়। স্থানীয় সময় সকাল ১০টায় বাসিন্দারা এক মিনিট নীরবতা পালন করে এবং মৃতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। 
 
প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে হাজার হাজার শোকার্ত মানুষ স্মরণ অনুষ্ঠানে যোগ দেয়। তারা একটি মেমরিয়াল হলের সামনে দিয়ে হেঁটে যায়। সেখানে মৃত শিক্ষার্থীদের শতশত প্রতিকৃতি কালো ফিতা ও ফুল দিয়ে সাজানো ছিল।
এই ঘটনায় যারা মারা গেছে তাদের মা-বাবা ও অন্যান্য আত্মীয় স্বজন বুক চাপড়ে শোক প্রকাশ করেন। 

 
স্কুল ইউনিফর্ম পরা ডানওন হাইস্কুলের ছাত্ররাও এ সময় মৃতদের প্রতি সম্মান জানায়। তারা অশ্রুসিক্ত চোখে নীরবে তাদের মৃত সতীর্থদের ছবির সামনে দাঁড়িয়ে থাকে। সূত্র: এএফপি