‘নির্বাচন সুষ্ঠু করতে ভোটারদের হাতে ক্ষমতা দিতে হবে’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ২১:৫৩
 
 
 
 
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হতে হলে অবশ্যই ভোটারদের হাতে ক্ষমতা দিতে হবে। যত দিন ভোটারদের হাতে ক্ষমতা না দিয়ে প্রশাসনের হাতে ক্ষমতা থাকবে তত দিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনীতিবিদরা মনে করে খেলাটা তাদের। আর ভোটাররা শুধু উপলক্ষ মাত্র।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার রউফ বলেন, ‘বিগত ৫০ বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোর চরিত্র এক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটের অধিকার পকেটে ভরে জনগণের অধিকার হরণ করেন। ফলে ভোটাররা ভোট পরিচালনায় দায়িত্ব পালন করতে পারে না। এতে নির্বাচনও সুষ্ঠু হয় না। তাই এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
সাবেক বিচারপতি বলেন, ‘রাজনৈতিক দল ছাড়া পৃথিবীতে গণতন্ত্রের চর্চা আসেনি। কাজেই দল লাগবে। তবে দলের মধ্য যে ভূত প্রবেশ করেছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের কাছে শক্তি দিতে হবে। শুধু টাকা বিনিয়োগ করে টাকা তোলার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’
সেন্টার ফল ন্যাশনালিজম স্টাডিজের (সিএনএস) উদ্যোগে আয়োজিত বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ফাতেমা আনোয়ার। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, জানিপপের প্রধান তালেয়া রহমান, কলামিস্ট এহসানুল কবীর প্রমুখ।