পাঁচ বছর পর জুয়েল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৫, ১৪:২৭
 
 
প্রায় পাঁচবছর পর শ্রোতাদের জন্য আবারও অ্যালবাম নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী জুয়েল। বাপ্পা মজুমদারের সুর ও কম্পোজিশনে এই অ্যালবামটি বাজারে আসতে পারে এ বছরের মাঝামাঝিতে।
 
এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘বাপ্পা আমার খুব কাছের মানুষদের একজন। তারই পরিকল্পনায় এই অ্যালবামটি করতে যাচ্ছি। এই অ্যালবামের মাধ্যমে আমাদের কোনো ব্যবসায়িক পরিকল্পনা নেই। আমাদের চাওয়া শ্রোতাদের ভালো একটা অ্যালবাম উপহার দেয়া। এখন গানের সুর সংযোজনের কাজ চলছে। আশা করছি, অ্যালবামটি সকলের ভালো লাগবে।’ জুয়েলের সর্বশেষ অ্যালবাম ‘দরজা খোলা বাড়ি’ বাজারে এসেছিল ২০১০ সালে।
 
দীর্ঘদিন বিরতির পর তার কোনো অ্যালবাম বের হচ্ছে তাই প্রত্যাশার পাল্লাটাও বেশ ভারী বলেই মানছেন এই সঙ্গীতশিল্পী।
 
নিজের বর্তমান ব্যস্ততা সম্পর্কে জুয়েল বলেন, ‘এখন বরিশালে আছি। গতকাল এখানে সপ্তাবলী গ্রুপ থিয়েটারের সমাপনী শো’তে অংশগ্রহণ করেছি। বরিশালেই আরও কিছু শো আছে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে গুলশান ইয়োথ ক্লাবের একটি শো করেছিলাম। বর্তমান ব্যস্ততা সম্পর্কে বললে শো’র কথাই সবার আগে আসবে। এছাড়া টেক্সটাইল ও গার্মেন্টস নিয়ে একটি ডকুমেন্টারির কাজ করছি।’